পুনঃতফসিল অনুযায়ী আগামীকাল মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হবে পৌরসভার নির্বাচন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। তবে ১০টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রগুলোর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৪ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সেই সঙ্গে থাকছে র্যাব ও বিজিবি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সিংগাইর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৪ জন। এর মধ্যে নারী ১০ হাজার ১৪১ এবং পুরুষ ভোটার ৯ হাজার ৪৭৩ জন। মেয়র পদে অংশ নিচ্ছেন ৬ জন।
এরা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু মো. নঈম বাশার (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া জয় (ধানের শীষ), খেলাফতে মজলিসের মওলানা আশরাফ আলী ( দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মীর শাহজাহান আলী (জগ), তোফাজ্জল হোসেন (নারিকেল গাছ) ও হাফিজ উদ্দিন (মোবাইল ফোন)। এ ছাড়াও নির্বাচনে মোট ৩৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৭ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিসার মো. মুনীর হোসাইন জানান, কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএম





