পাবনায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

রোববার বিকাল ৪টার দিকে গাছপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— শ্যামলী পরিবহনের চালক ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া কালুপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের ছেলে বিপ্লব (৪০) ও হেলপার সাঁথিয়া উপজেলার চমরপুর গ্রামের আনসার আলীর ছেলে লিটন (৩৫)।

পাবনা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসানুল হক জানান, শ্যামলী পরিবহনের একটি বাস দুপুরে কক্সবাজার থেকে পাবনায় আসে। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রী নামিয়ে বাসটি শহরের গাছপাড়া মোড়ে সিদ্দিকের গ্যারেজে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে সদর থানা পুলিশ বাসটিতে তল্লাশি চালিয়ে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং বাসের চালক ও হেলপারকে আটক করে।

ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে শ্যামলী পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজাররা একটি ইয়াবা ব্যবসায়ী চক্রের সঙ্গে এ ধরনের কাজ চালিয়ে আসছিল বলে খবর রয়েছে পুলিশের কাছে।

কেএইচ