‘সারাদেশে শনিবারের বিদ্যুৎ বিপর্যয়ের জন্য অভ্যন্তরীণ ট্রান্সমিশন লাইনের দুর্বলতাই দায়ী’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকাস্থ রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সজান্ডার এ নিকোলাভ ও বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
‘আমাদের ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ডিফিকাল্টিজ ও পুওর’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘গতকালের ঘটনার জন্য আমাদের ট্রান্সমিশন লাইনই দায়ী। এর জন্য ভারত দায়ী নয়।’
প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘আমি বিদ্যুৎ সচিবের কাছে জানতে চেয়েছি যে, আমাদের ক্যাপাসিটি বেশি কিন্তু জেনারেশন এত কম কেন? মোট ক্যাপাসিটির অন্তত আশি ভাগ উৎপাদন হওয়া দরকার।’
উল্লেখ্য, সরকারি হিসেবে বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে প্রায় ১১ হাজার মেগাওয়াট। কিন্তু প্রতিদিন গড়ে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৭ হাজার মেগাওয়াটের মতো।
‘শুধু ট্রান্সমিশন লাইনের দুর্বলতার কারণে যদি এ ধরনের বিপর্যয় ঘটে, তাহলে তো এ ধরনের ঘটনা বার বার ঘটতে পারে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘এ ধরনের ঘটনা বার বার ঘটে না, কয়েক বছর পর পর ঘটে।’
এএইচ





