ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ।
আজ (২৪ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান। তবে কী কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য দেননি তিনি।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও তথ্য দিয়েছেন তৌহিদ-উল আহসান।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। পরে বিমানটির পাইলট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে জরুরি অবতরণ করবে বলে জানান।
পাইলটের এ তথ্যে বিমানটির জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর চীনের গুয়াংজু থেকে ২৯৯ আরোহী নিয়ে সৌদি আরবের রিয়াদগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
এমবি





