গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মিজানুর রহমান (২৫) নামে এক ভ্যানচালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামের সৈন্ন্যাসীর দিঘীর কাছে রোববার রাতে এ ঘটনা ঘটে। মিজানুর রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামের মো. মোনতাজ আলীর ছেলে।

সূত্রে জানা যায়, ৪/৫ জন দুর্বৃত্ত যাত্রী সেজে রোববার সন্ধ্যায় ভ্যানটি রিজার্ভ নিয়ে ধাপেরহাট থেকে সাদুল্যাপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভ্যানটি ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামের সৈন্ন্যাসীর দিঘীর কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ভ্যানটি থামান। এ সময় তারা ভ্যানচালক মিজানুর রহমানকে ছুরিকাঘাত করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে।

রুবলে/এআই