বর্তমান পরিস্থিতিতে দেশের সব পুলিশ সদস্যকে সাধারণ জনগণের প্রতি পেশাদার, ধৈর্যশীল ও মানবিক আচরণ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ রোববার পুলিশ সদর দফতরে এক সীমিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন, বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস নিয়ে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশের সাইবার ইউনিট এ ব্যাপারে সার্বক্ষণিক কাজ করছে।

জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, জাতির এখন ক্রান্তিলগ্ন। তবে জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যেকোনো ব্যক্তি রাস্তায় চলাফেরা করতে পারবেন।

এ সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে আরও মানবিক আচরণ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশের প্রতি নির্দেশ প্রদান করেন তিনি।

আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে অনেকে পুলিশের সমালোচনা করছেন, তারপরও পুলিশ মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি করোনা প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে মাঠে কাজ করছেন। পুলিশ করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকে আজ পর্যন্ত লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে দেশব্যাপী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

চাইনিজ ওভারসিস এসোসিয়েশন বাংলাদেশ এর পক্ষ থেকে করোনা প্রতিরোধে পুলিশের জন্য এক লাখ মাস্ক, পাঁচ হাজার পিপিই, টেস্টিং কিটস পাঁচ হাজার, অ্যালকোহল ১০০ লিটার ও ৫০ লিটার হ্যান্ড স্যানিটাইজার আইজিপির কাছে হস্তান্তর করা হয়।

এসময় চাইনিজ ওভারসিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর প্রেসিডেন্ট ঝুয়াং লাইফ্যাং মহাসচিব ডিং টিয়ানসহ অ্যাসোসিয়েশনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এএস