পারিবারিক কলহের জেরে চট্টগ্রামে মো. ইউসুপ (৩২) নামে এক রিক্সাচালক তার স্ত্রী গার্মেন্ট কর্মী আঁখি আকতারকে (২৬) হত্যা করে সন্তান নিয়ে পালিয়েছে।
সোমবার সন্ধার দিকে চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নগরীর সদরঘাট থানা পুলিশ নিশ্চিত করেছে। তবে পুলিশ ঘাতক স্বামীকে এখনও আটক করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী ইউসুপ আঁখিকে ধারালো ছুরি দিয়ে একাধিক আঘাত করে। এরপর সে ৪ বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যায়।
এদিকে ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই আঁখির মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে সদর ঘাট থানার এস আই সদীপ কুমার জানান, ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এআর





