জামালপুরের মেলান্দহে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বেতমারী তালতলা মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, রাত সাড়ে ৯টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বেতমারী তালতলা মোড়ে একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ট্রাকটি ইসলামপুর থেকে জামালপুর যাচ্ছিল এবং অটোরিকশাটি জামালপুর থেকে ইসলামপুর যাচ্ছিল।
সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী নিহত এবং ৪ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন ইসলামপুর উপজেলার মুখশিমলা গ্রামের সাখোয়াত হোসেনের স্ত্রী রুমা (৪০) এবং রুহেরকান্দা গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী স্বপ্না (৩০)।
আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে মেলান্দহ থানায় নিয়ে গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করে থানায়ি আটক করেছে। তবে, ট্রাকের চালককে গ্রেফতার করা যায়নি।
জারিফ





