করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩৫৯ জন।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৬৭জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪১৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

২৪ ঘন্টায় মৃত ৩০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৮ জন রয়েছেন।

বিভাগীয় হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে- ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, বরিশালে একজন এবং রংপুর বিভাগের দুইজন রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ২২ হাজার ৪২৬টিতে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৮ দশমিক শূন্য ৫৮ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য এক শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এই মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৭ হাজার ৩৫৯ জন। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৬০৭ জন (৭৬ দশমিক ১৯ শতাংশ) ও নারী ১ হাজার ৭৫২ জন (২৩ দশমিক শূন্য ৮১ শতাংশ)।

এমবি