প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন বাংলাদেশে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।

শুক্রবার (২০ মার্চ) বিকাল পৌণে ৪টার দিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।

ব্রিফিং করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা: নাসিমা সুলতানা। তিনি বলেন, নতুন আক্রান্ত তিনজনের একজন নারী ও বাকি দু’জন পুরুষ। নারীর বয়স ৩০, পুরুষ দু’জনের একজনের বয়স ৩০ ও অপরজনের ৭০। এর মধ্যে ৭০ বছর বয়সী ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার পূর্বের কিছু রোগ রয়েছে।

ডা: নাসিমা সুলতানা আরও বলেন, আক্রান্ত নারী ইতালিফেরত একজনের দ্বারা আক্রান্ত হয়েছে। পুরুষ দু’জনও ইউরোপফেরত কারো সংস্পর্শ পেয়েছেন।

তিনি বলেন, আজ পর্যন্ত আইসোলেশনে আছেন ৩০ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন।  মৃতের সংখ্যা পূর্বেরটিই আছে অর্থাৎ একজন।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৭৮ জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৭২২ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৫৪ জন। এরই মধ্যে বিশ্বের ১৭৬ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

এমবি