রাজধানীর বনশ্রীতে বাইসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।তার নাম মো. মানিক মিয়া (২৫)। এ ঘটনায় রিমন ও সফিকুল ইসলাম নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মানিক বরগুনা সদরের খাকবুনিয়া গ্রামের আলী আকবরের ছেলে। তার স্ত্রীর নাম কলি। তাদের একটি ছেলে আছে। মানিক দক্ষিণ বনশ্রীর এ ব্লকের এফ-৩১ ৫ম তলা বাড়ির চতুর্থ তলায় থাকতেন।
পুলিশ জানায়, বনশ্রীর ই ব্লকের ৯/৫ নম্বর রোডের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে শাহনেওয়াজ রিমনের একটি বাইসাইকেল গত ২০/২৫ দিন আগে চুরি হয়। এরপর থেকে মানিককে সে সন্দেহ করতো। বুধবার সকাল ১১টার দিকে মানিককে রাস্তা থেকে ধরে নিয়ে বাড়ির গ্যারেজে ঢুকিয়ে বেদম প্রহার করে শাহনেওয়াজ রিমন ও তার বন্ধু সফিকুল ইসলামসহ অন্য সহযোগিরা। এতে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে তাকে সন্ধ্যায় ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার বিকেলে রিমন ও তার বন্ধু সফিকুল ইসলামকে আটক করা হয়েছে।
নিহতের লাশ বুধবার বিকালে লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার এসআই মনির হোসেন।
এমই





