ফেনীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের মহিপালে এ ঘটনা ঘটে।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, ভূমি বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের মহিপালের চাড়িপুর এলাকায় হাজী বাড়িতে হামলা চালায় পাশের চৌধুরী বাড়ির শাহেদ, স্বপন ও ফারুক চৌধুরী।
হামলায় হাজী বাড়ির লোকমানের মেয়ে আকলিমা আক্তার (১৩) ও আলী আকবরের ছেলে মাঈন উদ্দিন (৪৫) গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আলী আকবরের ভাইসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের প্রথমে ফেনী সদর হাসপাতালে, পরে ঢাকা ও চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।
নিহত আকলিমার পিতা লোকমান জানান, মহিপাল হাজী বাড়ির হারিছ আহম্মদের সাথে শহরের রামপুর এলাকার আবদুল মান্নান গংদের বিরোধ চলে আসছিল। হারিছ আহম্মদের দখলীয় কিছু সম্পত্তি প্রতিবেশী চৌধুরী বাড়ির সাহেদ, স্বপন ও ফারুক আবদুল মান্নান থেকে ক্রয়কৃত সম্পত্তি দাবি করে দখলের চেষ্টা চালায়।
এর জেরে রাত ৭টার টার দিকে অস্ত্র-শস্ত্র নিয়ে শতাধিক যুবক হাজী বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের এলোপাতাড়ি গুলিতে লোকমান হেসেনের মেয়ে আকলিমা ও আলী আকবরের ছেলে মাঈন ঘটনাস্থলে নিহত হয়।
এ সময় আলাউদ্দিন, মারুফ ও সাইফুল ইসলামসহ আরো পাঁচজন গুলিবিদ্ধ হন। তাদের ফেনী আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রামে প্রেরণ করেন।
ফেনী থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুব মোর্শেদ জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এআই





