যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার আমেরিকান ডলারসহ এনামুল হক (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

উদ্ধারকৃত ডলারের বাংলা টাকা মুল্য মান প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে আমড়াখালী বিজিবি পোষ্টে বরিশালগামী এমএম পরিবহনের এক যাত্রীর কাছ থেকে এসব ডলার উদ্ধার করে বিজিবি। আটক এনামুল হক নড়াইল জেলার কালিয়া থানার খাসিয়াল গ্রামের মৃত শেখ আবু বক্কারের ছেলে।

এর আগে ৭ই মে শনিবার ১ লাখ ১৬ হাজার ৯শ’ আমেরিকান ডলারসহ বিল্লাল হোসেন (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছিল বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত ডলারের বাংলা মুদ্রার মুল্য মান ছিল প্রায় কোটি টাকা।

আমড়াখালী বিজিবি পোষ্টের কমান্ডার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পাচারকারী এনামুল বরিশালগামী একটি পরিবহনে করে ডলার পাচার করছে।

বিজিবি পোষ্টে আসলে তাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসি। পরে তার দেহে তল্লাশী করে ৪০ হাজার আমেরিকান ডলার উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক ডলার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতের নামে অর্থপাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তন্তর করা হয়েছে এবং উদ্ধার ডলার বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, গত ৭ই মে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ১৬ হাজার ৯শ’ আমেরিকান ডলারসহ এক যুবককে আটক করা হয়েছিল।

নাছির/এমআর