সুনামগঞ্জে অবরোধে নাশকতার অভিযোগে জামায়াত ও বিএনপির কর্মী সমর্থকসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলাবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে সুনামগঞ্জে রাজনৈতিক কর্মসূচি পালনের নামে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে পুলিশ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। জেলা সদর ও বিভিন্ন উপজেলায় সদরে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপুর্ণ স্থাপনা ও এলাকাসমূহে গোপন নজরদারি অব্যাহত রয়েছে তাদের। এ জন্য পুলিশের ডিবি ও ডিএসবির একটি বিশেষ টিম কাজ করছে।

এ ছাড়া নাশকতার আগাম তথ্য সংগ্রহ করতে চৌকোস গোয়েন্দা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তৎপর রয়েছে। নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহভাজনদের গোপনে কঠোর নজরদারি চালাচ্ছে তারা।

পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে নতুন করে পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কেএইচ