রাঙ্গামাটি শহরের ভেদভেদিতে আগুনে পুড়ে মারা গেছেন রহিমা বেগম নামে এক বৃদ্ধ (৬০)। আহত হয়েছে পপি (১৪) নামের এক কিশোরী।

তারা ভেদভেদির মুসলিম পাড়ার নাসির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

জানা যায়, নাসির উদ্দিনের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত পপিকে প্রথমে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক গোলাম মোস্তফা জানান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ