গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুদ্ধাপরাধের মামলায় মাওলানা আব্দুল লতিফকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর (কালিতলা) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাওলানা আব্দুল লতিফ সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি গ্রামের মৃত ফৈমুদ্দিনের ছেলে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল হোসেন জানান, মুক্তিযুদ্ধ চলাকলীন সাবেক সাংসদ আব্দুল আজিজের নেতৃত্বে আব্দুল লতিফসহ আরো কয়েকজন মিলে আকবর আলী মেম্বার নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় আকবর আলী মেম্বারের ছেলে আনিছার রহমান বাদী হয়ে ২০০৯ সালে ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক সাংসদ আব্দুল আজিজ, আব্দুল লতিফসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরপর থেকেই আব্দুল আজিজ, আব্দুল লতিফসহ ৬ আসামি পলাতক রয়েছেন। তিনি আরো জানান, সম্প্রতি আব্দুল লতিফ তার নিজ বাড়িতে অবস্থান করছেন‒এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এমএনজে