সিরাজগেঞ্জের উল্লাপাড়ায় পিকআপচাপায় প্রাণ গেল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা ও শিশু সন্তানের। নিয়ন্ত্রণহীন পিকআপটি সামনে থাকা আরো একটি ভ্যানগাড়ীকে চাপা দিলে গুরুতর আহত ভ্যানটির চালক। নিহতরা হলেন, চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী করুনা খাতুন ও শিশু সন্তান তরিকুল ইসলাম (৪)। আহত ভ্যান চালক একই এলাকার আব্দুল জলিল (৫০)।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বলেন, বৃহস্পতিবার সকালে করুনা খাতুন তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়িগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও শিশু সন্তান। এ সময় নিয়ন্ত্রণহীন পিকআপটি সামনে থাকা আরও একটি ভ্যানগাড়িকে চাপা দিলে এর চালক আব্দুল জলিল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। পিকআপটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এবিএস





