রাজধানীতে মালিককে গুলি করে স্বর্ণের দোকানে লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পথচারী এক কাপড় ব্যবসায়ীও গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতয়ালি থানার ২৮নং কোতয়ালি রোডের ‘খোরশেদ ভুলিয়ন স্টোর’নামে একটি স্বর্ণের দোকানে লুটপাটের সময় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ খোরশেদ আলম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭/৮ জন দুর্বৃত্ত পথরোধ করে দোকানের ভেতরে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে দোকানের ভেতরে ঢুকে লুটপাট করে। তবে কি পরিমাণ স্বর্ণ ও টাকা নিয়েছে তা তিনি বলতে পারেননি।
তার আর্তচিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে কাপড় ব্যবসায়ী মোরশেদ শেখ (৩৫) গুলিবিদ্ধ হন।
স্থানীয় জনতা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ভর্তি করেন।
কোতয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) এ কে এম ফিরোজ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। গুলিবিদ্ধ দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছে বলে শুনেছি। বিষয়টি ডাকাতি নাকি ব্যবসায়িক দ্বন্দ্ব তা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





