পরিবার-পরিজন সঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ফলে শহরের বেশির ভাগ এলাকায় এখন মানুষের উপস্থিতি ছিল কম।

তবে বেসরকারি কর্মজীবীদের মধ্যে এখনও যারা শহরে অবস্থান করছেন, তাদের অনেকেই গ্রামের বাড়ি যেতে ছোটাছুটি করছেন কমলাপুর রেলস্টেশন কিংবা বাস টার্মিনালগুলোতে।

আজ শনিবার রাজধানী ঢাকার কয়েকটি এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।

ফাঁকা ঢাকার নিরাপত্তা তিন ধাপে নিশ্চিত করার কথা বলছে পুলিশ। এছাড়া ঢাকা ছাড়ার আগে বাসা-বাড়ি নিরাপদ রাখতে প্রয়োজনে তাদের জানিয়ে যাওয়ার কথা বলছেন তারা। ফাঁকা সড়কে যানবাহনের বেপরোয়া গতি রোধেও নেয়া হচ্ছে উদ্যোগ।

ঈদের ছুটিতে পাল্টে যায় ঢাকা। জনবহুল রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয় আবাসিক এলাকাও। সেই সুযোগে বাড়ে চুরি ছিনতাই ও সড়ক দুর্ঘটনা।

পুলিশ বলছে, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থান থেকে আটটি চোরাই মোটরসাইকেলসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন তারা। কয়েক মিনিটেই মোটরবাইকের লক খুলে চুরি করে পালায় তারা।

একটু অসাবধানতায় বাড়তে পারে এসব অপরাধীদের দৌরাত্ম্য। ফলে পুলিশি তৎপরতার পাশাপাশি নাগরিকদেরও সচেতন থাকার পরামর্শ তাদের।

এছাড়া যানবাহনের বেপরোয়া গতি রোধে প্রধান সড়কগুলোতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

এএস