চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯৩৫ পিস ইয়াবা, ৩৩০ লিটার চোলাই মদ ও ৪৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

নগর পুলিশের জনসংযোগ দপ্তর কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত ও সহকারী পুলিশ কমিশনার (এসি) কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে শুলকবহর থেকে ইমাম হোসেনকে ২০০ পিস ইয়াবাসহ, রিয়াজ উদ্দিন বাজার থেকে আসামী আমীর হোসেনসহ চারজনকে ৫০ পিস ইয়াবা ও ৪৫ পুরিয়া হেরোইনসহ, নতুন ব্রীজ থেকে আসামী তপন চন্দ্রসহ দুইজনকে ৫৮৫ পিস ইয়াবাসহ, ষোলশহর থেকে আসামী চান মিয়াসহ দুইজনকে ৩০ লিটার চোলাই মদসহ,

ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে আসামী জানে আলমকে ৩০০ লিটার চোলাই মদসহ, সানোয়ারা আবাসিক এলাকা থেকে আসামী আল আমিনকে ৩৫ পিস ইয়াবাসহ এবং মোহনা আবাসিক এলাকা থেকে আসামী সাইফুলসহ দুইজনকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এআর