কুমিল্লায় লরি চাপায় মা ও ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছে। এ সময় আহত হয়েছে দুইজন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ থানার পাশে লহিপুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের মাওলানা ইকরাম হোসেন (৪৮) তার স্ত্রী ও সন্তান নিয়ে সিএনজি চালিত অটোরিক্সাযোগে জেলার বরুড়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিক্সাটি থানার পাশ দিয়ে মূল সড়কে উঠার সময় ঢাকাগামী একটি লরি অটোরিক্সাটিকে চাপা দেয়।
এতে অটোরিক্সাটি ধমুড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইকরাম হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার (২৫), তার ছেলে আরশাদ (১৮ মাস) নিহত হয়। সিএনজি চালক মনির হোসেনকে উদ্ধার করে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতের উদ্ধার করেছে। দুর্ঘটনায় আহত ইকরাম হোসেন ও তার মেয়ে নাফিজা আক্তারকে (৬) উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সিএনজি অটোরিক্সা চালক কোন প্রকার সিগন্যাল ছাড়াই হঠাৎ সড়কে উঠলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
এমএনজে





