চট্টগ্রামে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে নগরী ও উপজেলায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনটি অগ্নিকাণ্ডে মোট ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর প্রহল্লাদ সিংহ জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ভোর পৌনে ছয়টার দিকে বোয়ালখালী উপজেলার আব্দুল লতিফ হাটে একটি মশার কয়েল ও একটি মিনারেল ওয়াটারের কারখানায় আগুন লাগে। এ অগ্নিকাণ্ডে দুটি কারখানা প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামারবাজার ও নন্দনকানন স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদের হাজীপাড়ায় ভোর সাড়ে তিনটার দিকে আগুন লাগে। এতে ২৪টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে সকাল পৌনে সাতটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে নগরীর পাহাড়তলী থানার অলংকার শপিং কমপ্লেক্সে ষষ্ঠতলা ভবনের নিচতলার একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে। এতে দোকানে থাকা ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী পুড়ে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মাসুম/নাজিব