সিলেটের জাফলংয়ে প্রবেশ করতে এখন থেকে ফি লাগবে। জনপ্রতি প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান বলেন, জাফলংয়ে ১০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে পর্যটকরা ফ্রি ওয়াইফাই সুবিধা পাবেন। প্রবেশ টিকিট দেখিয়ে তারা সহজেই পাবেন ফটোগ্রাফার, ট্যুর গাইড ও নৌকার মাঝি।

তিনি আরও বলেন, তিনটি পর্বে ভাড়া নিয়ে একধরনের নৈরাজ্য ছিল। সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপরও কোনও পর্যটক অভিযোগ করলে এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও জানান, তিন মাস এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে দেখা হবে। পরবর্তীতে পুরো জাফলংকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া কার্যক্রমের তদারকি করছে জেলা পর্যটন উন্নয়ন কমিটির মাধ্যমে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

এমবি