ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে শনিবার রাতে যাত্রীবাহী একটি বাসে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদল ১১ জন গরু ব্যবসায়ীর হাত-পা বেঁধে ১০টি মোবাইল ফোন ও টাকা লুট করে তাদের বিলের পানিতে ফেলে দেয়।
গরু ব্যবসায়ীরা জানান, শনিবার তারা কুষ্টিয়ার আলামপুর গরুর হাট থেকে বাসযোগে ঝিনাইদহে আসছিলেন। রাত ৯টার দিকে তাদের বহনকৃত বাসটি কুষ্টিয়ার বৃত্তিপাড়ায় পৌঁছালে যাত্রীবেশী ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে এবং এলোপাথাড়ি মারপিট করতে থাকে।
একপর্যায়ে তাদের কাছে থাকা ১০টি মোবাইল ফোন ও টাকা লুট করে ঝিনাইদহ-হামদহ বাইপাস সড়কে হাত-পা বাঁধা অবস্থায় চলন্ত গাড়ি থেকে বিলের মধ্যে ফেলে দেয়।
এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
আহত গরু ব্যবসায়ীদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের রাশেদ বিশ্বাস, এনামুল হক ও ইব্রাহিম মিয়া। বাকিদের বাড়ি কুষ্টিয়ার আলামপুর এলাকায়।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ওই গরু ব্যবসায়ীদের ভাড়া দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় কোনো মামলা হয়নি।
এএইচ





