চলমান পোশাক শ্রমিকদের বিক্ষোভে কেউ যদি ব্যক্তিগতভাবে ইন্ধন দিয়ে থাকে, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে কেউ যদি ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে।
কমিশনার বলেন, শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উস্কানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কি না সেটা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও শ্রমিকদের দাবির বিষয় নিয়ে মন্ত্রণালয়, বিজিএমইএ কাজ করছে। খুব শিগগির তাদের দাবি মিটিয়ে দেয়া হবে।
এসময় শ্রমিকদের সড়ক ছেড়ে দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বানও জানান ডিএমপি কমিশনার।
এএস





