প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে দেশে শপিংমল খুলে দেওয়া উচিত হবে না বলে মনে করছে ৯৩ শতাংশ মানুষ।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

শনিবার (০৯ মে) আগামী অর্থবছরের জাতীয় বাজেটের জন্য সিপিডির সুপারিশমালা উপস্থাপনের আগে ফেসবুক জরিপের এই ফলাফল জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি জানান, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে শপিংমল খোলার বিরুদ্ধে মত দেওয়ার পাশাপাশি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯৩ শতাংশ উত্তরদাতাই জানিয়েছেন, এই মুহূর্তে দেশে শপিংমল খুলে দেওয়া হলেও তারা যাবেন না।

ড. ফাহমিদা খাতুন জানান, জরিপের শপিংমল খুলে দেওয়া উচিত হবে কিনা- এমন প্রশ্নের উত্তর দেন ২ হাজার ২৬০ জন। এই উত্তরদাতাদের মধ্যে ২ হাজার ১০০ জনই ‘না’ সূচক জবাব দেন। ‘হ্যাঁ’ সূচক জবাব দেন ১৬০ জন। আর শপিংমল খোলা হলেও যাবেন কিনা- এমন প্রশ্নের উত্তর দেন ১ হাজার ৪৭ জন। এদের মধ্যে ১ হাজার জন ‘না’ সূচক এবং ৪৭ জন ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।

এদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়লেও আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

যদিও দেশের সবচেয়ে বড় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘোষণা করেছে, চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে রমজানে তারা শপিংমল খুলবেন না। 

এমবি