যশোরে রনি হোসেন নামে এক যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ ঘটনা ঘটে।
আহত রনি হোসেন শহরের বেজপাড়া এলাকার শাহিনুর রহমানের ছেলে। তিনি শহরের মুজিব সড়ক এলাকার একটি গার্মেন্টসের দোকানে কাজ করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি শিকদার আককাস আলী জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রনি। প্রেসক্লাবের সামনে ৩-৪ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে।
পরে তার কাছে থাকা মোবাইল ফোন ও কিছু টাকা ছিনিয়ে নেয়। আহতাবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গত কয়েকদিনে শহরের কয়েকটি এলাকায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশি টহল আরও জোরদার করা হয়েছে বলেও জানান ওসি শিকদার।
এআর





