‘মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতবারের চেয়ে এবার দিগুন নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তাই সৌধ এলাকায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই।’
শুক্রবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান।
এসময় জাতীয় স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে কিংবা অন্য কোনো কারণে সৌধ এলাকায় যাতে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য স্থানীয় সংসদ সদস্য ও তার দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।
ডিআইজি মাহফুজুল হক আরো বলেন, ‘প্রতি বছর মহান স্বাধীনতা ও বিজয় দিবসে ভিভিআইপি ও ভিআইপিরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের আগেই স্থানীয় সংসদ সদস্যদের দলীয় নেতাকর্মীরা স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করে। এতে আগে থেকে তৈরি করা পরিকল্পনা মাফিক নিরাপত্তা পুলিশের পক্ষে রক্ষা করা সম্ভব হয় না।
তাই যাতে বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা সৌধ এলাকায় প্রবেশ করেন সে দিকটি যেন সংসদ সদস্যরা বিবেচনা করেন। সেই অনুযায়ী নিজ দলীয় অনুসারীদের নির্দেশনা দেন।
এসময় ডিআইজির সাথে উপস্থিত ছিলেন- ঢাকা জেলার অতিরিক্ত ডিইজি হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম, সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২৬ মার্চ প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, ভিআইপি ও ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
এআইজে





