ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে ৪ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, বরগুনা জেলার আমতলী উপজেলার খুনতাকাটা গ্রামের লাল মিঞার ছেলে শাহজাহান হাওলাদার ওরফে বাচ্চু শিকদার, বরিশাল সদর উপজেলার কড়াপুর গ্রামের সোবহান খানের ছেলে মো. ইউনুস খান, বরগুনা জেলার দেশান্তরকাঠি গ্রামের মৃত লতিফ মাহমুদের ছেলে জয় মাহমুদ ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মৃত চান খা’র ছেলে কিবরিয়া খান।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে একটি নোয়া মাইক্রোবাসসহ ওই ৪ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত ৪ সেট পোশাক, ১টি ওয়াকি-টকি, ২টি হ্যান্ডক্যাপ ও ৮ হাজার টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





