মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত থেকে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য লিটন সরকারকে ফেরত দিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে বিজিবি কাজিপুর ক্যাম্প বিএসএফ গান্ধিনা ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠক করে তাকে ফেরত দেয়। আটক লিটন সরকার গান্ধিনা ক্যাম্পের সদস্য।

স্থানীয়রা জানান, কাজিপুর সীমান্তের ওপারে রোহিঙ্গা নাগরিকদের জড়ো করে বাংলাদেশে ঠেলে দেয়া হতে পারে বলে খবর পায় সীমান্তবাসী ও বিজিবি সদস্যরা। তাই গেল কয়েকদিন ধরে কাজিপুর সীমান্তে বিজিবি সদস্যদের সঙ্গে রাত জেগে পাহারা দিচ্ছিল সীমান্তবাসী।

বৃহস্পতিবার রাত দশটার দিকে সীমান্তের ভারতীয় কাঁটাতারের ১১০ নম্বর গেট খুলে দেয় বিএফএস সদস্যরা। সেখানে বেশ কয়েকজন নারী-পুরুষকে দেখা যায়।

তারা রোহিঙ্গা হতে পারে বলে সন্দেহ হয় বিজিবি ও স্থানীয়দের। কিছুক্ষণ পরে ১৪৬/৪ এস পিলার এলাকা দিয়ে সাধারণ পোষাকে বিএসএফ’র তিন সদস্য বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ করে। বিজিবি ও এলাকাবাসী তাদের গতিরোধ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় অন্য দুজন বিএসএফ সদস্য পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় লিটন সরকারকে আটক করে বিজিবি। এরপর তাকে কাজিপুর বিওপিতে আনা হয়।

পরে রাত সাড়ে তিনটার দিকে বিজিবি কাজিপুর ক্যাম্প ও বিএসএফ গান্ধিনা ক্যাম্প পতাকা বৈঠক করে। পতাকা বৈঠক শেষে লিটন সরকারকে ফেরত দেয় বিজিবি।
জেড