ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে ট্রাকের চাপায় তিন শ্রমিক নেতা নিহতের ঘটনায় দুই হাইওয়ে পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
চলন্ত মোটরসাইকেলে লাঠি ছুঁড়ে মারার অভিযোগে সরাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান ও কনস্টেবল আলী আকবরকে মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে প্রত্যাহার করা হয়।
সরাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাইওয়ে পুলিশের গাজীপুর সার্কেলের পুলিশ সুপার শফিকুল ইসলাম অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেন।
এদিকে, এ ঘটনার সত্যতা যাচাইয়ে মঙ্গলবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিন আরোহীসহ চলন্ত মোটর সাইকেলটি থামানোর সংকেত দেয় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ সদস্যরা।
এ সময় তিনজন মোটরসাইকেলে চড়ার অভিযোগে পুলিশ তাদের আটক করে টাকা দাবি করে। আরোহীরা টাকা না দিয়ে ছুটে যেতে চাইলে পুলিশের এক সদস্য পেছন দিক থেকে লাঠি ছুঁড়ে মারেন। এতে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী জেলা ট্যাংক-লরি শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর খন্দকার (৪২), সাধারণ সম্পাদক আলী আজম রাজু (৪৩) ও দপ্তর সম্পাদক শাহজাহান মিয়া (৫২) নিহত হন।
ওএফ





