বরাবরই নারীর ক্ষমতায়ন ও প্রাধান্যতার কথা উল্লেখ থাকলেও ধীরে ধীরে কমছে মন্ত্রিসভায় নারীর সংখ্যা।

এবারের মন্ত্রিসভায় নারীদের মধ্যে জায়গা করে নিয়েছেন ডা. দীপু মনি, মন্নুজান সুফিয়ান ও বেগম হাবিবুন নাহার।

এর আগের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া নারী ছিলেন চারজন। তারা হলেন মতিয়া চৌধুরী, ইসমাত আরা সাদেক, মেহের আফরোজ ও তারানা হালিম। এবারে একজন কমেছেন।

এবারে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীদের মধ্যে ডা. দীপু মনিকে শিক্ষা মন্ত্রণালয়, মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বেগম হাবিবুন্নার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী করা হয়েছে।

নারীনেত্রীরা বলছেন, নারীর উপস্থিতি মন্ত্রিসভায় এমনিতেই কম ছিল, আরও কমে যাওয়াটা উৎসাহব্যঞ্জক নয়। কেন এমন হচ্ছে তার কোনও ব্যাখ্যাও নিজেদের কাছে নেই উল্লেখ করে নারীনেত্রীরা বলেন, এমন চললে জেণ্ডার ইকুইটির (লিঙ্গ সমতা) দিকে আমাদের এগিয়ে যাওয়া ব্যাহত হবে।

সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে এক নারী নেত্রী বলেন, ‘সংখ্যা বাড়লে প্রতিনিয়ত যে নির্যাতন যে শেকল আমাদের গ্রাস করে তা ভেঙে আমাদের স্বপ্ন পূরণের পথ আরও ধারালো হবে। মনে রাখতে হবে, সংখ্যাটাও ব্যাপার। নম্বার ইজ পাওয়ার। সংখ্যা বেশি থাকলে নারীর স্বর বেশি শোনা যাবে।’


জেড