পার্বত্য জেলা বান্দরবান আলীকদম উপজেলায় ব্যবসায়ীসহ চারজনকে অপহরণ করেছে ম্রো ন্যাশনাল পার্টি (এমএনপি) সদস্যরা।

রোববার সকালে তাদের অপহরণ করা হলেও সোমবার সকালে খবর পায় পুলিশ।

অপহরণ ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পুরো এলাকা ঘেরাও করে অভিযান চালায়।

অপহৃতরা হলো, কাঠ ব্যবসায়ী আব্দুল খালেক (৪৫) চরন চাকমা (২২) শ্রমিক আব্দুর রহিম (৩০) ও মো. ইউছুফ (২৬)। তারা সবাই আলীকদম ৬নং চৈক্ষ্যং ইউনিয়নের বাজার এলাকার বাসিন্দা।

সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ব্যবসায়ী ও দুই শ্রমিক রোববার দুপুর ১টার দিকে দোছড়ি বাজার এলাকা সংলগ্ন পাহাড়ে কাঠ সংগ্রহ করতে যায়। এসময় এমএনপি’র ১০-১২জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়। রাতে তারা আর বাড়িতে ফিরে আসেনি।

সোমবার সকালে অপহৃতদের পরিবারের কাছে ফোন করে এমএনপি’র সদস্যরা চারজনকে অপহরণের বিষয়টি স্বীকার করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আলীকদম থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য এলাকা ঘেরাও করে উদ্ধার অভিযান চালায়।

কেএইচ