রাজধানীতে এক যুবককে গুলি করে পালিয়েছে দুবৃত্তরা। গুরুতর আহত অবস্থায় আব্দুল হান্নান (২৭) নামে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (০৩ মে) দুপুর ২টার দিকে রামপুরা ওয়াবদা রোডের বাগিচা টেক এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আব্দুল হান্নান বলেন, আমি প্রাইভেটকার চালক। রামপুরা ওয়াবদা রোড বাগিচা টেক এলাকায় আমাদের একটি রিকশার গ্যারেজ আছে। দুপুরে সেখানে কাজ করছি- এ সময় স্থানীয় ফারুক ও চাঁদা সোহাগসহ পাঁচজন মিলে আমাকে টেনে গ্যারেজ থেকে বের করে আনেন। পরে তারা আমার কোমরে গুলি করেন। এ অবস্থায় আমার দুলাভাই দুলাল মিয়া আমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, কী কারণে তারা আমাকে গুলি করেছেন বিষয়টি আমি জানি না।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া বাংলানিউজকে জানান, গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

ওএফ