শেরপুর-শ্রীবরদী সড়কের ইন্দিপুরে অটোরিকশা উল্টে এক পথচারী নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ উদ্দিন (৮০) কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আহত দুই অটোরিকশাযাত্রী হলেন- মিহিরন বেগম (৩৫) ও নাহিদ মিয়া (১০)।

শ্রীবরদীর কুড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলী জানান, বকশীগঞ্জ উপজেলা সদর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বিকাল ৪টার দিকে শেরপুর যাচ্ছিল। পথে ইন্দিলপুরে পথচারী তোফাজ উদ্দিনকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় অটোরিকশাটি। এ সময় পথচারী তোফাজ উদ্দিন ও দুই অটোরিকশাযাত্রী আহত হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে তোফাজ উদ্দিন মারা যান।

শ্রীবরদী থানার অফিসার ইন চার্জ (ওসি) এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ