ইতোমধ্যে পরীক্ষা ছাড়া ৬৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ায় সিনিয়র সহকারী সচিব/জেলা নির্বাচন কর্মকর্তা বা সমমানের ২৯টি পদে পরীক্ষা ছাড়াই পদোন্নতির দাবি জানিয়েছেন দীর্ঘদিন একই পদে থাকা নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
ইসি সূত্র জানায়, পদোন্নতি প্রত্যাশী এসব কর্মকর্তা সহকারী সচিব, সহকারী পরিচালক ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পর্যায়ে ১০-১২ বছর ধরে একই পদে রয়েছেন। কয়েকজন কর্মকর্তা এ নিয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে সম্প্রতি চিঠিও দিয়েছেন ।
সূত্র জানায়, চলতি সপ্তাহে বাংলাদেশ ইলেকশন কমিশন সার্ভিসেস অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে পদোন্নতিসহ নানা দাবি ইসির কাছে পাঠানো হয়েছে।
এসোসিয়শেনের সভাপতি ও ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী স্বাক্ষরিত এ সংক্রান্ত সভার কার্যবিবরণী প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বুধবার জমা দেওয়া হয়েছে।
এতে বর্তমান চাকরিবিধি অনুযায়ী পদোন্নতিতে বাধা না থাকায় অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, উপ সচিব/সমমানের পদ, সিনিয়র সহকারী সচিব/জেলা নির্বাচন কর্মকর্তা/সমমানের পদে অতি দ্রুত পদোন্নতির দাবি জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে এ দাবি কমিশন গ্রহণ করবে বলে আশা করছেন। না হলে এসোসিয়েশন পরবর্তী পদক্ষেপ নেবে।
পদোন্নতির জন্য শূন্য পদের বিষয়ে প্রত্যাশীরা জানান, সিনিয়র সহকারী সচিব ও সমমানের ৫টি শূন্য পদ রয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপ সচিব সমমান পদে পদোন্নতি দেওয়া হলে আরও ২৪টি পদ শূন্য হবে।
সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ২২ জুলাই সিলেবাস প্রণয়ন হয়েছে। কিন্তু পরীক্ষা নেওয়ার আগ পর্যন্ত ২০০৮ সালের নিয়োগবিধি অনুযায়ী পরীক্ষা ছাড়াই পদোন্নতি দিতে কোনো বাধা নেই।
এ বিধির আলোকে আগে দুটি ধাপে পরীক্ষা ছাড়াই ৬৫ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, নির্ধারিত বিধি মেনেই পদোন্নতি দেওয়া হয়। সিলেবাস প্রণয়ন হয়েছে। সেক্ষেত্রে বিধিমালায় যেভাবে পদোন্নতির কথা বলা হয়েছে, সেভাবে তাদেরকেও দেওয়া হবে।
নিয়োগবিধিতে বলা হয়েছে, কমিশনের নির্ধারিত প্রশিক্ষণ না নিলে ও নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরিচালিত পরীক্ষায় উন্নীত না হলে সিনিয়র সহকারী সচিব, একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব), অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার ও উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া যাবে না।
তবে শর্ত থাকে যে, কমিশন কর্তৃক সিলেবাস প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ না করা পর্যন্ত এ বিধান প্রযোজ্য হবে না।
এম এ





