সাভারে সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সাভার পৌর এলাকার ইমান্দিপুর মহল্লায়  শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। সাইদুল একই এলাকার আব্দসু সাত্তারের ছেলে। তিনি জনতা শ্রমজীবী সমবায় সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের মামি সুমি বেগম জানান, সকাল ১১টার দিকে সাইদুল ইসলাম বাসা থেকে বের হয়ে পাশের একটি চায়ের দোকানে যান। এর কিছুক্ষণ পরই তাদের এলাকার রকিসহ ৪-৫ জনের একদল সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র নিয়ে পেছন দিক থেকে তার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গলা কেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জেএ