গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. কাওসার (৩৩) বরিশালের বাকেগঞ্জ থানার বাদলপাড়া গ্রামের মো. আছমত আলী শিকদারের ছেলে। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন তিনি।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান।
মামলার নথির বরাত দিয়ে পুলিশ পরিদর্শক রবিউল জানান, কাওসার স্ত্রী নারজিনা খাতুনকে (২২) নিয়ে গাজীপুরের সাইনবোর্ডে খাইলকুর এলাকার মো. রাজু মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন। ২০১১ সালের ৯ ডিসেম্বর রাতে নারজিনাকে মারধর করেন কাওসার। পরে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় এলাকাবাসী কাওসারকে আটক করে পুলিশে দেয়। পরে নিহতের বোন মুন্নি আক্তার বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।
ওএফ





