ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ১ নম্বর ওয়ার্ডের ইউনুস ফরাজীর পুকুর পাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিউবয়েল প্রতীকের প্রার্থী রেজাউল করিম (আ. বারেক মিজি) অভিযোগ করেন, সমর্থকদের নিয়ে গণসংযোগ করে ফেরার পথে ইউনুছ ফরাজীর পুকুর পাড় এলাকায় আসলে অপর মেম্বার প্রার্থী আ. খালেক মেম্বারের সর্মথকরা তাদের ওপর হামলা চালায়।
অপরদিকে তালা প্রতীকের প্রার্থী আ. খালেক পাল্টা অভিযোগ করেন, আ. বারেক মিজির সর্মথকরা আমার মিছিলের ওপর দুই দিক থেকে হামলা চালিয়েছে।
ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই





