আশুলিয়ার গোহাইলবাড়ী এলাকায় মো. সজীব বেপারী (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে গোহাইলবাড়ী গুচ্ছ গ্রামের একটি ইট ভাটার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত মো. সজীব বেপারী মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হুসুন্দি গ্রামের বাসিন্দ। তার বাবার নাম আব্দুল কাদের বেপারী। তিনি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের ভাই রাজিব বেপারী জানান, সোমবার রাতে বেশ কিছু লোক মোবাইল ফোনে আমার ভাইকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সারারাত সজীব বাড়ি না ফেরায় মঙ্গলবার সকালে এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী আশুলিয়ার গোহাইলবাড়ীর গুচ্ছ গ্রামের একটি ইট ভাটার পাশে ডোবার মধ্যে নিহত সজীবের ক্ষতবিক্ষত মৃতদেহটি দেখতে পেয়ে তার পরিবারের লোকজনকে খবর দেন। পরে নিহতের মা রাজিয়া বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশটি সনাক্ত করেন।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





