বুধবার (১৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নতুন কমিশনের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে যথেষ্ট চেষ্টা চালাব। ইনশাআল্লাহ, আগামী দিনে ভালো ফল আনব।’
দুদক স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা কোনো চাপের মধ্যে নেই। আমরা স্বাধীনভাবে কাজ করছি। সামনে কোনো সমস্যা এলে তা সমাধানের চেষ্টা করব। মানুষের প্রত্যাশাকে সামনে রেখেই আমরা এখানে এসেছি।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রথম দিনেই যদি আপনারা সব শুনে নেন, তাহলে বাকি দিন কী করবেন? দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করব।’
এ সময় দুদক কমিশনার সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশের একজন অত্যন্ত অভিজ্ঞ বিচারককে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। তার নেতৃত্বে প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। অল্প সময়ের মধ্যেই কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া বুধবার প্রথমবারের মতো দুদকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। সকাল ৯টার দিকে তারা কার্যালয়ে প্রবেশ করেন। পরে সকাল ১০টায় কর্মকর্তাদের সঙ্গে পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় দুদক সচিব সাইদুর রহমান, মহাপরিচালকসহ উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদক সচিব সাইদুর রহমান জানান, ১৮ আগস্ট দুপুর ২টায় নতুন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেন।
এর আগে সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ থেকে অবসর নেন। এর আগে দীর্ঘদিন হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার। তিনি অন্তর্বর্তী সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান একজন অবসরপ্রাপ্ত সাবেক সচিব এবং ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা।
গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগের পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। পরে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে সার্চ কমিটি গঠন করা হয়। ছয় দফা বৈঠকের পর সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও যোগ্যতা যাচাই-বাছাই করে তিনজনের নাম চূড়ান্ত করা হয়।
২০০৪ সালের ২১ নভেম্বর স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুদক প্রতিষ্ঠার পর এ পর্যন্ত সাতটি কমিশন দায়িত্ব পালন করেছে। এর মধ্যে রাজনৈতিক পটপরিবর্তনসহ নানা কারণে মাত্র তিনটি কমিশন পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছে। সর্বশেষ মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশনও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিদায় নেয়।
এস