ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কাশিপুর গ্রামে এক নারীকে নগ্ন করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে কথিত প্রভাবশালী ইউপি সদস্য আইনুল হক। এমপির ঘনিষ্টজন পরিচয়ে এলাকায় দাপিয়ে বেড়াচেছন ওই ইউপি সদস্য। ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলছে না।

নির্যাতিত রত্না বেগমের অভিযোগে জানা যায়, জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ১ নম্বর ওর্য়াড ইউপি সদস্য আইনুল হকের র্নিদেশে আজিম, সাদেক ও আদিলের ছেলেসহ কয়েক জন এলাকার যুবক তাকে বিবস্ত্র করে নির্যাতন চালায় এবং মিথ্যে অপবাদ দিয়ে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। ওই গৃহবধু জানান, তাকে আইনুল হক অকারণে ফোন করতো এবং রাতে দেখা করতে বলতো। তার ডাকে সাড়া না দেয়ায় এই পরিস্থিতির শিকার হয়ে অপমান ও লজ্জায় সন্তানকে ফেলে গ্রাম ছাড়তে হয়েছে। সংসারের স্বচছলতা আনতে স্বামী-সন্তান রেখে বিদেশ পাড়ি দেন রত্না । দুই বছর পর বাড়ি ফিরে রোজগারের টাকা নিয়ে। কিন্তু তার ফেরার আগে স্বামী চলে গেছেন না ফেরার দেশে। একা পেয়ে নানা ফন্দি আটে ইউপি সদস্য আইনুল হক। তাকে ফাঁদে ফেলে রোজগারের পুরো টাকা হাতিয়ে নেয় মিথ্যে অপবাদ দিয়ে ওই ইউপি সদস্য।

স্থানীয়রা জানায় কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আইনুল হক। বছর ধরে ৮নং ওর্য়াডের মহারাজা হাট এলাকায় বসবাস করছেন ওই ইউপি সদস্য। ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের নাম ভাঙ্গিয়ে দাপুটের সাথে চলছেন এই ইউপি সদস্য। তার বসবাসের পর হতে এলাকায় মাদক বিক্রী, তাস খেলা, জুয়া খেলা ও দেহ-ব্যবসাসহ সব ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ওই ইউপি সদস্য তার বাড়ীর ফটকের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য দবিরুল ইসলামের ছবি ঝুলিয়ে এবং আওয়ামী লীগের নাম করে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার এই বাড়ীতে নিয়মিত জুয়ার আসর বসে। এই আসরে নিয়মিত অংশ নেয় জেলা, উপজেলা থেকে আসা বিভিন্ন বয়সের মানুষ। তার এ সমস্ত কার্যকলাপে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। ভয়ে কেউ মুখ খুলছে না। যুব সমাজ বিপদ গামী হয়ে পড়ছে।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান এ প্রসঙ্গে বলেন, নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা শুনেছি। বিভিন্ন অপরাধ সংঘঠিত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আগে এই এলাকায় মাদ্রক সেবন, তাস-জুয়া খেলা চলেনি। এখন নিয়মিত চলছে।

ইউপি সদস্য আইনুল হকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ওই নারী চরিত্রহীন সে বিদেশে ছিল এলাকায় এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে। আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন প্রদক্ষেপ গ্রহণ করবে।

হাসেম আলী/এসএম