চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে জীবিত অবস্থায় মৃত ঘোষিত নবজাতকটি অবশেষে মারা গেছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর আরেকটি বেসরকারি ম্যাক্স হাসপাতালে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
সোমবার রাতে সিএসসিআর হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেন চিকিৎসক রিদোয়ানা কাউসার। চিকিৎসক দম্পতি রিদওয়ানা ও নুরুল আজিমের সদ্য ভূমিষ্ঠ সন্তানকে রাতেই মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটির মৃত্যুর ছাড়পত্রও দিয়ে দেয় তারা।
কিন্তু সন্তানের মৃত্যু নিয়ে সন্দিহান ছিলেন মা রিদোয়ানা। কর্তৃপক্ষের নিষেধ সত্ত্বেও মৃত সন্তান হিসেবে প্যাকেট করা শিশুটিকে পরীক্ষা করেন তিনি। প্যাকেট খুলে শিশুটিকে নড়াচড়া করতে দেখতে পান মা। তবে তার কথা বিশ্বাস করতে চাননি হাসপাতালের চিকিৎসকরা।
পরে মঙ্গলবার ভোরে শিশুটিকে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করেন অভিভাবকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায় শিশুটি।
এমবি





