কুষ্টিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় রাকিব নামে আরো এক যুবক আহত হয়েছে।

রোববার রাত ৮টার দিকে শহরের পিটিআই সড়কের আইসিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ সদর উপজেলার হরিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে। সে কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় পিটিআই সড়কের জেলখানা মোড়ে কয়েকজন তরুণের মধ্যে বাক-বিতন্ডা হয়। এ সময় একজন ধারালো ছুরি দিয়ে দু’জনকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর পলাশের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এসএম/সবুজ