কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে মুসল্লি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। এসব মামলায় ৪ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগ পল্টন, রমনা ও চকবাজার থানায় এই মামলা করা হয়। খবর ইউএনবি’র।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন মিয়া জানান, ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২ হাজার ৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। এই মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১ হাজার ৫০০ জনের নামে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে এই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) তাসলিমা আক্তার বলেন, গ্রেফতার পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫-৪০ জনের নামে একটি মামলা দায়ের করা রয়েছে।

এর আগে গত শুক্রবার (১৫ অক্টোবর) কুমিল্লার ঘটনার প্রতিবাদে রাজধানীতে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে কয়েক শ মুসল্লি বিভিন্ন স্লোগান দিয়ে বের হয়ে আসেন। বিক্ষোভ মিছিলটি পল্টন ক্রসিং ও বিজয়নগর ইন্টারসেকশন পার হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে আসলে বাধা দেয় পুলিশ। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছে।

এমবি