গাজীপুরের টঙ্গীর খাঁপাড়া এলাকায় তমাল (১৪) নামে এক শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। সে টঙ্গীতে একটি টাইলসের দোকানের কাজ করতো। তমাল শেরপুর সদর উপজেলার তিরশা গ্রামের সোহরাব আলীর ছেলে।
এ ঘটনায় তমালের মা হুজুরা বেগম টঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে দোকান মালিক মো. আহসান উল্লাহ (৩২) ও তমালের বন্ধু নাজমুল মিয়াকে (১৪) আটক করে পুলিশ।
নিহতের ভাই আপন বাবু জানান, বুধবার রাত সোয়া ১১টার দিকে তমালের বন্ধু নাজমুল ও দোকান মালিক আহসান উল্লাহ খবর দেয় স্থানীয় সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার নির্মাণাধীন ভবনের এক কোনায় অচেতন অবস্থায় তমাল পড়ে আছে। পরে এলাকাবাসী ও তার স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার এসআই মো. ছিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, নিহত তমালের মাথায় জখমের চিহ্ন রয়েছে। তার মরদেহ টঙ্গী হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
এমএনজে





