কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।
মঙ্গলবার সকালে শহরের শেরপুরে রোডের ঠনঠনিয়া থেকে মিছিলটি শুরু হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে সামনে শেষ হয়।
মিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক জাকির হোসেন সেলিম, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর সভাপতি আলাউদ্দিন সোহেল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণে দেশের মানুষ এমনিতেই দুঃসহ জীবন যাপন করছে। এরপরও নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। জনগণের কষ্টের কথা ভেবে নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানো যাবেনা। নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে জামায়াতে ইসলামী জনগণের পক্ষে রাজপথে নামতে বাধ্য হবে।
এদিকে জামায়াত-শিবিরের মিছিল ঠেকাতে শহরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ টহল দেয়। এর মধ্যেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা মিছিল করে।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়জুর রহমান জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ সেখানে যাওয়ার আগেই জামায়াত-শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়।
জেআই





