নেত্রকোনা সদর উপজেলার কে. গাতী ইউনিয়নের বাহিরকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গুরুতর আহত সিদ্দিক মিয়া (৪০) জুলহাস মিয়া (৩২), সেলিম মিয়া (২৫), খোরশেদ আলী (১৬), আবুল কাসেম (৩৫), ইসলাম উদ্দিন (৩০), বৃদ্ধ আবদুল হেকিম (৭০) ও মিরাজ আলীকে (৭৫) স্থানীয় সিধলী উপস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় সিদ্দিক মিয়ার রান্না ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাহিরকান্দা গ্রামের আবদুল হেকিমের ছেলে জুলহাস মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে সিদ্দিক মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

শুক্রবার বেলা ২টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাছুদুল আলম জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

কেএইচ