আশুলিয়ায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার রাতে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার স্থানীয় আব্দুর রহমানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাতে স্থানীয় কোনাপাড়া দারুল উলুম মাদ্রাসার পঞ্চশ শ্রেণির শিক্ষার্থীকে (১১) নিজ ভাড়া বাড়ির একটি রুমে কৌশলে ডেকে নেন একই বাসার ভাড়াটিয়া যুবক সোহেল মিয়া (২৪)। পরে রুমের দরজা বন্ধ করে হাত পা বেঁধে ধর্ষণ করে। বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি বাবা-মাকে জানায় ওই শিশু।

পরে বিষয়টি জানতে পেরে ওই ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে স্থানীয়রা শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজের কাছে হস্তান্তর করে। পরে তিনি শুক্রবার সকালে ওই ধর্ষণকারীকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়ার থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফা কামাল জানান, ধর্ষণের শিকার ওই শিশুটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কেএইচ