১৮তম স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর দুই হাজার ৭০০ মিটার অবকাঠামো দৃশ্যমান হলো।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মাওয়া প্রান্তের ১৭-১৮ নম্বর পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের ধূসর রঙের স্প্যানটি বসানো হয়।

পদ্মা সেতুর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। এ নিয়ে পদ্মা সেতুর ১৮টি স্প্যান বসানোর কাজ সম্পন্ন হলো। সব মিলিয়ে সেতুর ২ হাজার ৭০০ মিটার অংশ এখন দৃশ্যমান।

পদ্মা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আজ বেলা একটার দিকে ১৮ তম স্প্যানটি বসানো হয়।

মাত্র ২১ দিনের ব্যবধানে তিনটি স্প্যান পদ্মা সেতুর ওপর বসানো হলো। চলতি ডিসেম্বর মাসে আরও দুটি স্প্যান বসানো হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২০ ডিসেম্বর ২১ ও ২২ নম্বর পিয়ারের ওপর একটি এবং ২৫ ডিসেম্বর ৩২ ও ৩৩ নম্বর পিয়ারের ওপর আরেক একটি স্প্যান বসানো হবে।


পদ্মা সেতুর সর্বমোট ৪২টি পিয়ারের মধ্যে ৩৫টি পিয়ার নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকি সাতটি পিয়ার আগামী তিন মাসের মধ্যে করা যাবে বলে আশাবাদী সেতুর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাতটি পিয়ার নির্মাণের কাজ চলার পাশাপাশি অন্য পিয়ারগুলোতে স্প্যান বসানোর কাজ চলবে বলে জানান কর্মকর্তারা।

প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রতি মাসেই এখন থেকে দুই থেকে তিনটি স্প্যান বসানো হবে।

দেশের সর্ববৃহৎ এ প্রকল্পটি নির্মাণ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড। তারা মূল সেতুর কাজ করছে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে সেতুর কাজ শুরু করা হয়। ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

এএস